সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘জনগণ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিতের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করে। তারা মনেপ্রাণে চায় সুসময় বা দুঃসময়ে তাদের নির্বাচিত প্রতিনিধিরা যেন পাশে থাকেন। তাই আমরা যারা জনগণের ভোটে এবার নির্বাচিত হয়েছি তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে-দুঃখে নির্ভরতার প্রতীক হয়ে জনগণের পাশে থাকবো।’
শুক্রবার, ১৪ জুলাই বিকেলে মহানগরীর মেজরটিলা এলাকায় সিসিকের নবনির্বাচিত মেয়র, ৩১, ৩২, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলরদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইমদাদুল হোসেন ইমমানীর সভাপতিত্বে এতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, সিলেট মহানগরীর মানুষ গত প্রায় ১০ বছর ধরে উন্নয়ন দুর্ভোগ মোকাবেলা করে জীবন যাপন করছেন। এ বিষয়টি মনে রেখে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নগরবাসীর স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচিত সব জনপ্রতিনিধিকে সচেতন নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবনির্বাচিত মেয়র সংবর্ধনার আয়োজকদের প্রতি শুভেচ্ছা ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করেন।
সিলেট সিটি করপোরেশনের এসব ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও কাউন্সিলর নাজমুল হোসেন, রুহেল আহমদ, জয়নাল আবেদিন, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাজেদা বেগম ও কাউন্সিলর হাজেরা বেগমকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
সাবেক ছাত্রনেতা কামরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সলার জাহাঙ্গীর আলম, হাজেরা বেগম, সাজেদা বেগম, নাজমুল হোসেন, রুহেল আহমদ ও জয়নাল আবেদীন।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, লোকমান আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি