নির্বাচিত হলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করবোনা || নিশ্চয়তা দিলেন ডা দুলাল

প্রকাশিত December 22, 2023
নির্বাচিত হলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করবোনা || নিশ্চয়তা দিলেন ডা দুলাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল নিজের সংসদীয় আসন এলাকার মানুষকে নিশ্চিত করেছেন, নির্বাচিত হলে এলাকায় আধিপত্য বিস্তার করবেন না বা ত্রাসের রাজত্ব কায়েম করবেন না। পারিবারিক ঐতিহ্যের ধারায় দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষদের বুকে টেনে নেবেন।
শুক্রবার, ২২ ডিসেম্বর (৭ পৌষ) সকালে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত সিলেট সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব জৈনপুর এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এই নিশ্চয়তা দেন।
ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, পেশীশক্তির জোরে কেউ নির্বাচিত হোক-তা জনগণ চায়না। জনগণ এমন একজন মানুষকে নির্বাচিত করতে চায় যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, যিনি প্রাণবন্ত, দৃঢ়চেতা এবং কথার ফুলঝুরিতে নয়-উন্নয়নে বিশ্বাসী। জনগণের এই চাওয়ার সবটুকুই তিনি ধারণ করেন। তাই সচেতন ভোটাররা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।
পরে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
এরপর বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট ও দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে একটি কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তার সঙ্গে ছিলেন প্রীতিভূষণ চৌধুরী, মলয় পুরকায়স্থ, বদরুজ্জামান শিশু, দেবাশীষ দে বাসু, গোবিন্দ দেব আশীষ, অধ্যাপক প্রতাপ চৌধুরী, দীপু কুমার গোপ, হিরা মিয়া, শফিক মিয়া, সমীরণ দত্ত, অর্পন দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি