নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না : সিলেটে বিএনপি মহাসচিব

প্রকাশিত July 7, 2025
নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না : সিলেটে বিএনপি মহাসচিব

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না। তাই
নির্বাচন যত দেরি হবে তত পিছিয়ে যাবে বাংলাদেশ। কারণ বিনিয়োগ, নিরাপত্তা ও উন্নয়ন থমকে যাবে।
তিনি আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের বৈঠকে নির্বাচনের একটা সময়সীমা পাওয়া গেছে। এখন জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
বিএনপি মহাসচিব সোমবার (৭ জুলাই/২৩ আষাঢ়) সিলেট মহানগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
পরে তিনি মহানগরীর দরগা গেইট এলাকায় একটি তারকা হোটেলে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সিলেট জেলার যারা জীবন উৎসর্গ করেছেন সেই শহীদদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বহু খুন, বহু কান্না ও বহু ত্যাগে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দেশ চাই। জনগণের রায় নিয়ে বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই দেশ প্রতিষ্ঠা করবে। তবে এমন দেশ গঠন সহজ হবে না। অনেক শত্রু রয়েছ।
মহাসচিব প্রয়াত এম সাইফুর রহমান ও নিখোঁজ এম ইলিয়াস আলী ও ইফতেখার আহমদ দিনার সহ অন্যান্য নেতাকর্মীকে স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, তাহসীনা রুশদীর লুনা, এম এ মালিক জাতীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী প্রমুখ।