নির্বাচিত ইউপি মেম্বারের হাতেই জিম্মি জকিগঞ্জের একটি গ্রামের মানুষ

প্রকাশিত February 18, 2021
নির্বাচিত ইউপি মেম্বারের হাতেই জিম্মি জকিগঞ্জের একটি গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক : যাকে বিশ্বাস করে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করেছিলেন তিনি ও তার পরিবার এখন এলাকাবাসীর জন্যে কাল হয়ে উঠেছে। অস্ত্রহাতে সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তায় বসে থেকে ইউপি মেম্বার হুমকি দিয়ে যাচ্ছেন, তার অপকর্মের প্রতিবাদীদের খুন করে মরদেহ গুম করার। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে বারবার অবহতি করেও কোন ফল মিলছেনা।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম নয়াগ্রামবাসী এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী ৬ নম্বর ওয়ার্ড মেম্বার হিসেবে কোনাগ্রামের মৃত বশারত আলীর ছেলে আব্দুস সালাম সোবহানকে নির্বাচিত করেন; কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তিনি এলাকাবাসীর উপর জুলুম-নির্যাতন শুরু করেন। বহিরাগতদের দিয়ে গড়ে তুলেন সন্ত্রাসী বাহিনী, যার মাধ্যমে এলাকার লোকজনের উপর হামলা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন। তার সকল অপকর্মের প্রধান সহযোগী স্ত্রী রুকিয়া বেগম লিলি ও মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নী। তারা সরকারি-বেসরকারি দফতরে মিথ্যে, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক কাহিনী দিয়ে বিভিন্নজনকে হয়রানি করছে। নারী নির্যাতন ও ধর্ষণের মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে বলেও হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আব্দুস সালাম সোবহান ও তার স্ত্রী রুকিয়া বেগম লিলি ২০১৮ সালের ২০ আগস্ট কানাইঘাট বাজারের তাহমিনা স্টোর থেকে ১৯ হাজার টাকা চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটে। এর আগে ৮ জুলাই গোলাপগঞ্জে কিডস ক্লাব নামক দোকানে ১ লাখ ৪৩ হাজার টাকা চুরির দায়ে রুকিয়া বেগম লিলির বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মামলা হয়। এছাড়া ২০২১ সালের ১০ জানুয়ারি বিয়ানীবাজারে আনজু জুয়েলার্সে সোনা চুরি করতে গিয়ে ধরা পড়ে রুকিয়া বেগম লিলি কয়েক মাস কারাভোগের পর জামিনে বের হয়ে এসে স্বামী ও মেয়েকে নিয়ে এলাকাবাসীকে জিম্মি করে ফেলেছে।
ইউপি মেম্বার আব্দুস সালাম সোবহানের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা এবং ত্রাণের টাকা, চাল ও উন্নয়নের বরাদ্দ আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর বারহাল ইউনিয়ন পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়; কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবটি পাঠালেও রহস্যজনক কারণে কোন ফল হয়নি। বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া এলাকাবাসী সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জকিগঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কোনাগ্রাম প্রবাসী সমাজসেবা পরিষদও এলাকার শতাধিক ব্যক্তির স্বাক্ষর সম্বলিত অভিযোগ দিয়েছে থানায়। এতে ক্ষেপে গিয়ে আব্দুস সালাম সোবহান তার স্ত্রী-কন্যা ও সাঙ্গপাঙ্গদের নিয়ে গত ৬ ফেব্রুয়ারি দুপুরে কোনাগ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আলকাছুর রহমান, মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল মালিক, মৃত আব্দুল খালিকের ছেলে হেলাল আহমদ, মৃত শফিকুল হকের ছেলে বিলাল হোসেন, আব্দুর রহিমের ছেলে আব্দুল্লা আল রাজু ও মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে মাওলানা আফতাব উদ্দিন চৌধুরীসহ অন্যদের উপর সশস্ত্র হামলা চালায়। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে আক্রান্তদের রক্ষা করেন।
ইদানিং আব্দুস সালাম সোবহান ধারালো অস্ত্রহাতে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাস্তায় বসে থেকে বাজারে যাওয়া আসার পথে বিভিন্নজনকে খুন করে মরদেহ গুম করার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, আব্দুর রহিম। উপস্থিত ছিলেন, আলকাছুর রহমান, এখলাছুর রহমান, মাওলানা হাফিজ মখলিছুর রহমান, রফিক মিয়া, আব্দুল মালিক মলই, আব্দুন নূর নরাই, আব্দুল হক, মফিক মিয়া, জয়নুল হক, আব্দুল আল রাজু, বেলাল আহমদ,জাহেদ আহমদ, আব্দুল মুমিন, আফতাব উদ্দিন চোধুরী, হেলাল আহমদ, দিলওয়ার আহমদ, রাজু আহমদ, আরিফ হোসেন, জাহেদ আহমদ, জহিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, সাহেদ আহমদ, আরিফ হোসেন, রিফাত আহমদ প্রমুখ।