সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে সকল প্রকার নির্বাচনী কার্যক্রম চালাতে সকল নেতা, কর্মী ও সমর্থক সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।
এক বিবৃতিতে এ আহবান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনী আচরণবিধিন কোনোভাবেই লঙ্ঘন করা যাবেনা।
আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে তার সমর্থক, শুভানুধ্যায়ী ও স্বজনদের উদ্দেশ্য করে বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। সিলেট সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নেও আওয়ামী লীগ সরকার অত্যন্ত আন্তরিক-সেটা বারবার প্রমাণিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন।’
তিনি বলেন, ‘আপনারা আমাকে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে স্বাগত জানিয়েছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন এবং দিচ্ছেন। আপনাদের ভালোবাসার ঋণ কোনোদিনই শোধ হওয়ার নয়। তবে এজন্য আমি আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো।’