নিজস্ব প্রতিবেদক : সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা বলেছেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলেক্ষ শনিবার, ৪ নভেম্বর বিকেলে সিলেট জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সিলেট জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। আন্দোলনের নামে হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও সহ নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।
তবে নিরীহ কেউ হয়রানির শিকার হবেনা বলে তিনি নিশ্চিত করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, এক সময় মানুষ পুলিশকে ভীষণ ভয় পেতো আর এখন পুলিশের উপর নির্ভর করে। কারণ পুলিশ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছে।
সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাক আল মামুন বলেন, আগে শিশুদেরকে পুলিশের কথা বলে ভয় দেখানো হতো আর এখন নির্ভয় করা হয়-স্বস্তি দেওয়া হয়। সিলেটের শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে দেওয়া হবেনা।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো হুমায়ুন কবীর, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ দাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও ইলেক্ট্রিনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ।
পরে সিলেট জেলায় কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একজন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে আনুষ্ঠানিক উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।