সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ করে, নাটকের মাধ্যমে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের সামনে আরো বেশি করে উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত ‘যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
শারদা স্মৃতি ভবনে সংগঠনের মহড়া কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার আরশ আলী, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম ও মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান।
সভাপতিত্ব করেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
পরে নিরঞ্জন দে যাদু নির্মিত ‘বঙ্গবন্ধু বাংলার ধ্রুবতারা’ নামক তথ্য চিত্র প্রদর্শন করা হয়।