নবীগঞ্জে ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন ও মানববন্ধন করলেন দুই বাগানের চা শ্রমিকরা

প্রকাশিত July 5, 2023
নবীগঞ্জে ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন ও মানববন্ধন করলেন দুই বাগানের চা শ্রমিকরা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চা শ্রমিকরা ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন।
এই দাবিগুলোর মধ্যে রয়েছে, এরিয়ার, এরিয়ার বোনাস, উৎসব ভাতা, পিএফের বকেয়া অর্থ, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করণ ইত্যাদি।
মঙ্গলবার ৪ জুলাই দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে ইমাম চা বাগান ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, এ দু’টি চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়ার পাওনা বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়ার বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা ও পিএফ অর্থাৎ চা বাগান শ্রমিক ভবিষ্যত তহবিলের ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছেনা।
এছাড়া চা শ্রমিকদেরকে রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
গত ২৫ জুন চা শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিতভাবে আহবান জানানো হয়; কিন্তু তাতে মালিকপক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে চা শ্রমিক নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়েছেন।