নবীগঞ্জে লকডাউন কার্যকরে ১৩টি মামলায় ৬৫ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত July 2, 2021
নবীগঞ্জে লকডাউন কার্যকরে ১৩টি মামলায় ৬৫ হাজার টাকা অর্থদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সর্বাত্মক লকডাউন প্রতিপালন নিশ্চিত করতে কড়াকড়ি অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। দিনব্যাপী উপজেলা সদরের পার্শ্ববর্তী এলাকা, ফুলতলি, দেবপাড়া, আউশকান্দি, সৈয়দপুর ও কামারগাঁও বাজারসহ বিভিন্নস্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাশ আলাদা আলাদা অভিযান পরিচালনা করেন।
নবীগঞ্জ উপজেলার ১২টি বাজারে সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার-ভূমির নেতৃত্বে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৩টি মামলায় ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া সকাল থেকেই ক্যাপ্টেন এস এম রিয়াজের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়।
অন্যদিকে নবীগঞ্জ থানার ওসি মো ডালিম আহমদের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ছিল তৎপর। নির্দেশনা না মেনে রাস্তায় চলাচল করায় বেশ কয়েকটি টমটম আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
নবীগঞ্জে ফার্মেসি ছাড়া প্রায় সকল দোকান বন্ধ রয়েছে।