উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আরও ৩০৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং নবীগঞ্জের এই পরিবারগুলো সহ সারা দেশে এরকম ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।
রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
এ সময় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সহসভাপতি সুলতান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার ও আলমগীর মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সদস্য মহিবুর রহমান, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি অঞ্জন রায়, সাংবাদিক সাগর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল ও যুবলীগ নেতা দিপন ধর।
ইউএনও জানান, প্রধানমন্ত্রীর উপহারের এই পর্যায়ে হবিগঞ্জের ৯ উপজেলায় ৯৪১টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় ৩০৫টি সহ জেলায় ৭৭৩টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, মুজিবর্ষে দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেওয়ার ঘোষণা বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থবছরে প্রথম পর্যায়ে সারা দেশে ৬৬ হাজার ১৮৯টি গৃহ নির্মাণ করা হয়, যার মধ্যে হবিগঞ্জ জেলায় ছিল ৭৮৭টি। আর দ্বিতীয় পর্যায়ে দেশে উপহার দেওয়া ঘরের সংখ্যা ছিল ৫৩ হাজার ৩৪০। এর মধ্যে হবিগঞ্জের সকল উপজেলায় ৩৫৫টি ঘর হস্তান্তর করা হয়।