নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক : মা ও মেয়ে আহত

প্রকাশিত January 20, 2021
নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক : মা ও মেয়ে আহত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়েকে গুরুতর জখম করেছে।
বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন, আক্রমপুর গ্রামের নিশু মালাকারের স্ত্রী উজ্জ্বলা মালাকার (৩৫) ও মেয়ে প্রমি মালাকার (১৭)।
পুলিশ জানায়, নবীগঞ্জমুখী পণ্যবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮ ৫৬ ৮৭) নিয়ন্ত্রণ হারিয়ে নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম মাহবুব চৌধুরীর একটি ঘরে ঢুকে পড়ে। এই ঘরে নিশু মালাকার দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা।
নিশু মালাকার ক্ষতিপূরণসহ অদক্ষ চালক ও তার সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠান।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।