উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনায় দেশের অন্যান্য এলাকার মতো হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাবাসীও অকল্পনীয় উপকার ভোগ করছেন। এর মধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় সরাসরি উপকারভোগী প্রায় সাড়ে ২৪ হাজার নারী এখন উন্নত জীবনের পরশে উদ্বেলিত। চলমান উন্নয়ন ধারায় বদলে যাওয়া জীবনের জন্যে গ্রামবাংলার এই কন্যা-জায়া-জননীরা কৃতজ্ঞ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এই ঋণ স্বীকারের তাগিদ তাদের মনজুড়ে। তাই ব্যতিক্রমী এক আয়োজনে সমবেত হয়েছিলেন।
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর বিকেলে নবীগঞ্জ জে কে উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার জনপ্রতিনিধিদের উদ্যোগে আয়োজন করা হয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের। উপজেলার প্রায় ৭ হাজার উপকোরভোগী নারী এতে অংশ নেন। উপস্থিত হন বিপুল সংখ্যক পুরুষও। প্রধান অতিথি হিসেবে বিশাল এই সমাবেশে যোগ দেন নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশের সভাপতিত্বে ও বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, পানিউমদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কুর্শি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন ছুবা, দেবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবের আহমেদ ও উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু। এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামাত নানা ষড়যন্ত্র করছে। সবাই মিলে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
সমাবেশে আগত উপকারভোগী প্রত্যেককে একটি করে গাছের চারা ও কয়েকজন জটিল রোগীকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুর রব ৫০ হাজার টাকার চেক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
রোজিনা বেগম ও শিউলি বেগম প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে আনন্দ প্রকাশ করে জানান, তারা আশ্রয়হীন ছিলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাদেরকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তাদের কামনা, শেখ হাসিনা যেন আবার প্রধানমন্ত্রী হন।