উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা চালক হাফিজুর রহমানের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সঈদপুর বাজার সিএনজি অটো স্ট্যান্ডে যাত্রী উঠানো-নামানোকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট সন্ধ্যারাতে প্রতিপক্ষ সিএনজি অটোচালক ও তার সহযোগীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সিএনজি অটোচালক হাফিজুর রহমান (৪২) নিহত হন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং খুনিদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর (১৯ ভাদ্র) বিকেল ৩টা থেকে সঈদপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিক-জনতা বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী অবরোধ করেন। এতে দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে।
নবীগঞ্জ থানার ওসি মো মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হাফিজুর রহমান নিহতের ঘটনায় থানায় একটি হত্যামামলা রুজু করা হয়েছে৷ আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷