নদীগুলো বেঁচে না থাকলে দেশ অচল হয়ে যাবে : বিশ্ব নদী দিবসে জেলা প্রশাসক

প্রকাশিত September 25, 2022
নদীগুলো বেঁচে না থাকলে দেশ অচল হয়ে যাবে : বিশ্ব নদী দিবসে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, নদী হচ্ছে দেশের শিরা-উপশিরা। এগুলো বেঁচে না থাকলে দেশ অচল হয়ে যাবে। তাই দেশের নদীগুলো রক্ষায় জনসচেতনতা সৃষ্টি জরুরি। এ জন্যে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নদীমাতৃক বাংলাদেশে নদীর সংখ্যা কমে এসে দাড়িয়েছে এক চতুর্থাংশে। খাল-বিল-পুকুরও আগের সংখ্যায় নেই। জলাধার কমে যাওয়ার কারণেই বন্যার ভয়াবহতা বেড়ে গেছে।
তিনি বলেন, নদীগুলো ভরাট হয়ে গেছে। কোন কোন নদীর অস্তিত্বই এখন নেই। দখলে-দূষণে ক্ষীণ হয়ে গেছে অনেক নদী। তলদেশে পলিথিন জমে জমে এমন অবস্থায় পৌঁছেছে যে, খনন করাই কঠিন হয়ে পড়েছে।
জেলা প্রশাসক নদীর উপকারিতা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদেরকে সচেতন করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাউটস ও গার্লস গাইডের প্রতি আহবান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার যুগ্মসম্পাদক ছামির মাহমুদ ও বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা।
এর আগে একটি শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।