নিজস্ব প্রতিবেদক : নতুন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো সাহাবুদ্দিনকে সিলেট জেলা আওয়ামী লীগ অভিনন্দন জানিয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান এক বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দলের পক্ষ থেকে এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, মো সাহাবুদ্দিন তার জীবন ও কর্মের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী ও প্রগতিশীল রাজনৈতিক ধারার মানুষের ঐক্যের প্রতীক হিসেবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।
তিনি বৃহত্তর পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন বলে বার্তায় উল্লেথ করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকশ করেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মো সাহাবুদ্দিন তার যোগ্যতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে অবিচল থেকে আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দিক-নির্দেশনা দেবেন।
নেতৃবৃন্দ বলেন, বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চলমান সংগ্রামে অন্যতম সারথির ভূমিকায় অবতীর্ণ হবেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন এবং সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করবেন বলেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ রাষ্ট্রপতি পদে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনে বীর মুক্তিযোদ্ধা মো সাহাবুদ্দিনের সার্বিক সফলতা প্রত্যাশা এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।