নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারাদেশে সর্বস্তরে মাতৃভাষা বাংলা প্রচলনসহ কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন শপথে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
করোনা সংক্রমণ এড়াতে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের নির্দশনা সত্ত্বেও একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। মহান ভাষা শহীদদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা। এরপর ক্রমানুসারে শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান এনডিসি, পুলিশের উপ মহাপরিদর্শক মফিজ উদ্দিন আহমদ, মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
রবিবার ভোরে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ ও অন্যান্য সংগঠন প্রভাতফেরি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
প্রায় দুপুর পর্যন্ত শ্রদ্ধানিবেদন কার্যক্রম অব্যাহত থাকে।
এছাড়াও জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।