নতুন বছরের প্রথম সকালে বই বিতরণ উৎসবে মেতেছিল সিলেট অঞ্চল

প্রকাশিত January 1, 2024
নতুন বছরের প্রথম সকালে বই বিতরণ উৎসবে মেতেছিল সিলেট অঞ্চল

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শীতের সকালে দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেট অঞ্চলও উৎসবে মেতেছিল। উপলক্ষ ছিল নতুন পাঠ্য বই বিতরণ। প্রতিবছেরের মতো এবারও সারা দেশে প্রায় ৪ কোটি শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাচ্ছে।
নতুন বইয়ের ঘ্রাণে বিমোহিত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক এবং ইবতেদায়ী সহ বিভিন্ন স্তরের মাদরাসা ক্যাম্পাস। উদ্বেলিত কচিপ্রাণ শিক্ষার্থীরা। স্বস্তির নিশ্বাস অভিভাকদের। ভবিষ্যৎ বংশধরদের শিক্ষা-দীক্ষায় সোনার মানুষ হওয়ার এমন সরকারি সুযোগ একযুগ আগে কল্পনাও করা যায়নি। তাই প্রতি বছর যেমনি শিক্ষার্থী-শিক্ষকরা তেমনি অভিভাকরাও এ দিনটির অপেক্ষায় থাকেন।
সিলেট জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর জেলার ৯ লাখ ৫১ হাজার ৫০২ শিক্ষার্থীকে ৭৫ লাখ ৩২ হাজার ৯৮৫টি বই প্রদান করা হবে।
সোমবার, ১ জানুয়ারি (১৭ পৌষ) সিলেট মহানগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ ও জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো কবির খান। সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক ফৌজিয়া আক্তার।