নতুন প্রযুক্তির ব্যবহারে পরিবেশ বিপর্যয় কমানো সম্ভব : সিলেট চেম্বারে সেমিনারে অভিমত

প্রকাশিত October 5, 2023
নতুন প্রযুক্তির ব্যবহারে পরিবেশ বিপর্যয় কমানো সম্ভব : সিলেট চেম্বারে সেমিনারে অভিমত

ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ‘পরিবেশবান্ধব অটো কনক্রিট মাল্টি ব্রিক-ব্লক মেশিনারি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর সকালে চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো নাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, অটো কনক্রিট মাল্টি ব্রিক ও ব্লক পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তি। বর্তমানে আগুন দিয়ে পোড়ানো ইটের যে প্রচলন রয়েছে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এর মাধ্যমে বায়ু দূষণ অত্যন্ত বেশি হয়। অটো ব্রিক ও ব্লক এখন পর্যন্ত ততটা জনপ্রিয় না হওয়ায় ইটভাটায় পোড়ানো ইট দিয়ে এখনও দেশের সিংহভাগ নির্মাণ কাজ চলছে। ইটভাটাগুলোকে সময় ও পরিবেশের প্রয়োজনে অটো কনক্রিট ব্রিক ও ব্লক তৈরির দিকে রূপান্তর করতে হবে।
তিনি বলেন, যেহেতু সরকার অটো ব্রিক ও ব্লক উৎপাদনকারীদের প্রণোদনা দিচ্ছে এবং এটি পরিবেশবান্ধব সেহেতু ব্যবসায়ীরা এ খাতে এগিয়ে আসতে পারেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, পরিবেশ দূষণ মোকাবেলা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ বিপর্যয় কমিয়ে আনা যেতে পারে। পরিবেশবান্ধব পদ্ধতিতে অটো ব্রিক ও ব্লক তৈরি এবং তা ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে। তবে সিলেটে এ খাতের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক ও ব্লকের কাঁচামাল প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সরকার এ ব্যাপারে নীতিগত সহযোগিতা করলে এ খাতে উদ্যোক্তা ও এর ব্যবহার বাড়বে।
সেমিনারে অটো কনক্রিট ব্রিক ও ব্লক তৈরির মেশিনারি ও তা ব্যবহারের উপকারিতা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন বিশেষ অতিথি হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো নাফিজুর রহমান, ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিজিএম অনিমেশ কুমার গাঙ্গুলি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ইঞ্জিনিয়ার আবু সাঈদ। তারা উপস্থিত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, আমিনুর রহমান (লিপন), সাবেক সহসভাপতি ও ইটভাটা মালিক সমিতির সভাপতি মো দিলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো বদরুল হুদা, সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুক ও ইটভাটা মালিকগণ। সঞ্চালনায় ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। সংবাদ বিজ্ঞপ্তি