নতুন প্রজন্ম নতুন নতুন উদ্ভাবন দিয়ে এগিয়ে নিবে দেশকে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত May 10, 2024
নতুন প্রজন্ম নতুন নতুন উদ্ভাবন দিয়ে এগিয়ে নিবে দেশকে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ উদ্ভাবনী মেলার মাধ্যমে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। এতে নতুন প্রজন্ম উৎসাহিত হয়ে নতুন নতুন উদ্ভাবন দিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
শুক্রবার, ১০ মে (২৭ বৈশাখ) বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ ও সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সিলেটে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বৃহস্পতিবার এই মেলা শুরু হয়।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আমরা তথ্য-প্রযুক্তি ভিত্তিক উন্নয়নশীল বাংলাদেশের নাগরিক। ২০৪১ সালে প্রধানমন্ত্রীর উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকাণ্ডের প্রতিটি পর্যায়ে উদ্ভাবনী সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে।’
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা প্রদানে কার্যকর উদ্যোগসমূহ তুলে ধরার জন্যই দুই দিনব্যাপী বিভাগীয় এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মু মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা-২০২৩-২৪ এর অংশ হিসেবে আয়োজিত উদ্ভাবনী মেলায় সিলেট বিভাগের ২৩টি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৬টি স্টল ছিল। পিআইডি সিলেট