নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাঠ্যবই করা প্রয়োজন। কারণ নতুন প্রজন্মের বইটি পড়া দরকার। তাহলে ভবিষ্যৎ নাগরিকরা স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জানতে পারবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গমাতা কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না-প্রকৃত অর্থেই একজন সহযোদ্ধা ছিলেন। তাই কারারুদ্ধ স্বামীর অবর্তমানে যেমনি সংসারের হাল ধরেছেন তেমনি আন্দোলন-সংগ্রামে প্রেরণা, সাহস ও সহযোগিতা দিয়েছেন।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে উঠার পিছনে শেখ ফজিলাতুন নেছার অসামান্য অবদান রয়েছে।
আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতেই বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে হত্যা করা হয়। তবে দেশের বাইরে থাকায় বেঁচে যান দুই মেয়ে। এটা ইতিহাসেরই ধারাবাহিকতা। তাইতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন পূরণে নেতৃত্ব দিয়ে দেশকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার, ৮ আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আর আর এফ কমান্ডেন্ট হুমায়ুন কবির, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মাসুদ রানা, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন এবং সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ।
আলোচনা সভা শেষে ৩২৫ জন অস্বচ্ছল নারীর মধ্যে অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আয়োজিত অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
সবশেষে মোনাজাত করা হয়। ছবি পিআইডি