নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগর ভবন ফটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সিসিক অতর্কিত এই হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেবে।
সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টার দিকে মিছিল সহকারে একদল ব্যাটারিচালিত রিকশাচালক নগর ভবন ফটকের সামনে অবস্থান নিয়ে জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যরা তাদের বাঁধা দেন।
খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তাদের নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে কথা বলতে যান। এসময় ব্যাটারিচালিত রিকশাচালকরা নগর ভবনের ফটক লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এতে নগর ভবনে সেবা নিতে আসা এক নাগরিকসহ অন্তত ৫ জন আহত হন। সিসিকের সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকির স্বামী আব্দুল কাদের মালেকের মাথায়ও আঘাত লাগে। তাকে তাৎক্ষণিক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সিসিকের অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে নগর ভবনে বিকেল ৪টায় সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এতে হামলা ও জানমালের ক্ষতির তীব্র নিন্দা জ্ঞাপন ও হামলায় সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।