নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নগর পিতা নয়-তিনি নগরের সেবক হিসাবে কাজ করতে চান।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। তৃণমূল পর্যায়ে এই উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
মেয়র অভিমত রাখেন, দেশকে উন্নত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের কাছে এ চিত্র তুলে ধরতে হবে। জীবনমান উন্নয়নের সুবাদে দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে।
মঙ্গলবার, ১৪ নভেম্বর দুপুরে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সের ফলক উম্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো আব্দুর রফিকের পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাসিত ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো সেলিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোলেমান মজুমদার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো নাজিম উদ্দিন ও রফিকুল হক।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভার্চুয়ালি সারা দেশে ২২টি জেলা সমাজসেবা কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে স্থানীয়ভাবে ফলক উম্মোচন করা হয়।