নগরপিতা নয়-নগরসেবক হতে চান জাকির || মেয়র পদে জমা দিলেন দলীয় মনোনয়নপত্র

প্রকাশিত April 11, 2023
নগরপিতা নয়-নগরসেবক হতে চান জাকির || মেয়র পদে জমা দিলেন দলীয় মনোনয়নপত্র

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার, ১১ এপ্রিল দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় অবস্থান করছে। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা থেকে তিনি এখন স্মার্ট বাংলাদেশের রূপরেখা তৈরি করেছেন। মনোনয়ন পেলে সিলেটকে স্মার্ট বাংলাদেশের প্রথম ‘স্মার্ট নগরী’ গড়বেন। শুধু স্মার্ট নয়, সিলেট হবে একটি তিলোত্তমা নগরী। নগরবাসীর স্বপ্নই হবে তার স্বপ্ন। তবে কথায় নয় কাজেই এর প্রমাণ দিতে চান। নগরপিতা নয়-হতে চান নগরসেবক। তাই গণতন্ত্র যেমনি পরামর্শ ছাড়া চলতে পারে না ঠিক তেমনি ময়-মুরব্বি, অভিভাবক ও নগরবাসীর পরামর্শ নিয়ে সিসিককে নবরূপে সাজাতে চান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা হোসেন মোহাম্মদ রবিন, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী, ইলিয়াস আহমদ জুয়েল, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো হুরায়রা ইফতার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী ও মহানগর যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজ। সংবাদ বিজ্ঞপ্তি