নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে হতদরিদ্র ও সাধারণ জনগণ অত্যন্ত কষ্টে দিনযাপন করছেন। এমন পরিস্থিতিতে সিলেটের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ সর্বস্তরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর মহানগরীর জেলরোডে সিলেট চেম্বার কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, দ্রব্যমূল্যের চলমান উর্ধ্বগতির কারণে সরকার ও জনসাধারণ উদ্বিগ্ন। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে সভা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়েছে।
তিনি বলেন, অনেক চাল ব্যবসায়ী ডিলিং লাইসেন্সে উল্লেখিত পরিমাণের চেয়ে অধিক পরিমাণ চাল সংরক্ষণ করে রাখেন, যার জন্য তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হয়।
সিলেট চেম্বার সভাপতি প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনক্রমে ব্যবসায়ীগণকে চাল সংরক্ষণের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেন।
তিনি ব্যবসায়ীদেরকে নিয়মমাফিক ও অনুমোদিত পরিমাণ অনুযায়ী পণ্য সংরক্ষণের অনুরোধ জানান।
এছাড়াও তিনি ব্যবসায়ীদের কোন সমস্যা থাকলে তা অবহিতকরণের আহবান জানান।
মতবিনিময় সভায় ব্যবসায়ীগণ বলেন, বন্যা পরিস্থিতির কারণে দোকানের মালামাল নষ্ট হওয়ায় এবং সরবরাহ কম থাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।
রাইস মিল মালিকগণ জানান, বড় কোম্পানিগুলো স্থানীয় কৃষকদের নিকট হতে বেশিরভাগ ধান নিয়ে যায়। স্থানীয় রাইস মিল মালিকগণ পর্যাপ্ত পরিমাণ ধান কিনতে পারেন না। ফলে স্থানীয় বাজারে চালের মূল্য বৃদ্ধি পায়।
তারা বাজারমূল্য ও পণ্যের সরবরাহ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে মনিটরিং করার ও ব্যবসায়ীদেরকে অহেতুক ভোগান্তির মধ্যে না ফেলার আহবান জানান।
এছাড়াও ব্যবসায়ীগণ চালের মূল্য কমাতে চাল আমদানি উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের পরিচালক আবু তাহের মো শোয়েব, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মো মোস্তাফিজুর রহমান, মো সারোয়ার হোসেন ছেদু এবং বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে ফারুক আহমদ, মো শফিকুল ইসলাম, আজিজুর রহমান, মো ছাদ মিয়া, তালুকদার মো জহির উদ্দিন, মো সামছুদ্দিন তালুকদার, মো মতিউর রহমান, মো আসাদুজ্জামান রনি, ময়নুল আলম, এনামুল হক, মো নজরুল হোসেন, মো আব্দুল মতিন প্রমুখ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি