বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান আশা প্রকাশ করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর (৬ পৌষ) দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট প্রার্থী রয়েছেন। আছেন স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থীরা অনেক শক্তি-সামর্থ রাখেন।
তিনি জানান, দুর্গম এলাকাগুলোতে দূরত্ব বিবেচনায় ভোটের আগের দিন ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে চর অঞ্চল, পার্বত্য অঞ্চল, দ্বীপ অঞ্চল অথবা হাওর বেষ্টিত এলাকাগুলোতে রিটার্নিং অফিসাররা পরিকল্পনা পাঠাবেন ৩১ ডিসেম্বরের মধ্যে। সেখানে সম্ভাব্য সময় ও দূরত্ব উল্লেখ করতে হবে। এসব এলাকায় উপযুক্ত নিরাপত্তার মাধ্যমে আগের দিনই ব্যালট পেপার পৌঁছবে। এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।
হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো আসিব আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।