সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে গ্যাস সিলিন্ডিার ছিদ্র হয়ে সংঘটিত অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুর ২টায় মধ্যবাজার গলিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে; কিন্তু ততক্ষণে মালামালসহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এককোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিলু মিয়ার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও গ্যাস সিলিন্ডার দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূতেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে যোগ দেন।
অগ্নিকাণ্ডে এরশাদ মিয়া, জিয়া উদ্দিন ও জিলু মিয়ার দোকানসহ ৭টি দোকান পুড়ে যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।