দেশ ছাড়ার সময় বানিয়াচংয়ের দুই খুনের মামলার আসামি সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

প্রকাশিত June 20, 2023
দেশ ছাড়ার সময় বানিয়াচংয়ের দুই খুনের মামলার আসামি সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

বিশেষ প্রতিদেক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের দুই খুনের মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার আজমান মিয়াকে দেশ ছেড়ে পালানোর সময় পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার, ২০ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই অঞ্জন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ইমগ্রেশন থেকে আজমান মিয়াকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আজমান মিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাবেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল বিকেলে কুশিয়ারতলা গ্রামে সাবেক ইউপি মেম্বার আজমান মিয়া ও কাছম আলীর লোকজনের মধ্যে গ্রাম্য বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হয় পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক। এর মধ্যে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীর মিয়ার ছেলে কুহিনুর মিয়া বাদি হয়ে আজমান মিয়াকে প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকেই আজমান মিয়া পলাতক ছিলেন।
এছাড়াও গ্রেফতারকৃত আজমান মিয়া একই গ্রামের ইছাক মিয়া হত্যা মামলার আসামি।
উল্লেখ্য, আজমান মিয়া মক্রমপুর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।