হাবিবুর রহমান হাবিব, শাল্লা : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিট এখন খুবই শক্তিশালী। দেশ ও জনগণের কল্যাণে পুলিশ সার্বক্ষণিক সচেতন রয়েছে।
তিনি আরও বলেছেন, দেশ ডিজিটাল গতিতে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের সার্বিক কার্যক্রমও এগিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত চারতলা বিশিষ্ট স্টুডিও এপার্টমেন্ট ভবন উদ্বোধন ও থানা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আইজিপি কথা বলছিলেন।
এ সময় নিজের জন্মস্থানে আসার অনুভূতি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, মনে হচ্ছে পিতা-মাতার কাছে এসেছি। যে দিকেই থাকাই শুধু আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধব দেখতে পাচ্ছি। এ যে অন্যরকম অনুভূতি, যা বলে বুঝানো সম্ভব নয়। একেই বলে নাড়ির টান।
আইজিপি সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে অবতরণ করেন। এরপর থানা ভবন প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব সহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে নিজ গ্রাম উপজেলার শ্রীহাঈলে যান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেখানে তিনি দুপুরের খাবার গ্রহণ শেষে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ পুলিশ প্রধান বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে শাল্লা ত্যাগ করেন।