দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ সিলেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশিত October 18, 2023
দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ সিলেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় র‌্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
দেশের এই এলিট ফোর্সের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, দুর্গোৎসবের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর আওতাধীন এলাকা সিলেট বিভাগের সকল জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ধারাবাহিকভাবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তথ্য বিবরণীতে আরও জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা ও দেশের সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো গুজব ছড়াতে না পারে এবং যেকোনো ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র‌্যাব-৯ এর বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র‌্যাব সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ ও র‌্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
যেকোনো প্রয়োজন মোকাবেলায় র‌্যাব-৯ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর এবং র‌্যাব-৯ এর এই নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।