দেশের সকল থানাকে সুরক্ষিত রেখেছিল আনসার বাহিনী : সুনামগঞ্জে রেঞ্জ উপ মহাপরিচালক

প্রকাশিত February 27, 2025
দেশের সকল থানাকে সুরক্ষিত রেখেছিল আনসার বাহিনী : সুনামগঞ্জে রেঞ্জ উপ মহাপরিচালক

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জ উপ মহাপরিচালক মো জিয়াউল হাসান বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে ও ৫ আগস্টের পরে দেশের সকল থানা সুরক্ষার দায়িত্ব নিয়েছিল আনসার বাহিনী। পাশাপাশি রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি/১৪ ফাল্গুন) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপ মহাপরিচালক আরো বলেন, আনসার সদস্যরা দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে যখন কেউ ছিল না তখন আনসার সদস্যরাই এগিয়ে আসেন। চুরি-ছিনতাই-ডাকাতি রোধেও পুলিশে সাথে বাহিনীর সদস্যরা কাজ করছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জ পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো জাকির হোসেন ও সুনামগঞ্জের জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম।
সমাবেশ শেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বাহিনীর সেরা কয়েকজন সদস্যের হাতে উপ মহাপরিচালক ও জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।