সাইফুল ইসলাম সুমন, জুড়ী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন, এমপি বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ‘নৌকা’য় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। কারণ দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যার বিকল্প নেই।
শনিবার, ১ জুন বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
মন্ত্রী বলেন, বিএনপি আমলে মানুষের জানমালের নিরাপত্তা ছিলনা। তখন শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের আবির্ভাব হয়েছিল। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল সরকার। তাই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে-আগামীতেও করবে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু।
উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের জুড়ী উপজেলা শাখার সভাপতি হরিপদ করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, সহসাংগঠনিক সম্পাদক আশুরঞ্জন দাশ, জেলা সাধারণ সম্পাদক মহিম দে, সিলেট জেলা সাধারণ সম্পাদক রঞ্জন দাশ, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো বদরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক প্রভাষক লিটন দত্ত, ছাত্র পরিষদের সদস্য সচিব তপন কান্তি দাস ও টিএসএস জুড়ী উপজেলা সভাপতি খোকন দে।
প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে জুড়ী টি এন খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন বিদ্যা) অরুণ চন্দ্র দাশকে সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ দেবনাথকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।