সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি কমিশনার মো জাকির হোসেন খান বলেছেন, বছরের প্রথমদিন বই উৎসব সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে জীবনের লক্ষ্যে পৌঁছতে তাদেরকে ভালভাবে লেখাপড়ায় মনোযোগী হতে এবং সুন্দর জীবন গঠনের প্রেরণা যোগাতেই এ উদ্যোগ। এই শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত হয়ে দেশকে ভালবেসে মানুষের জন্য কাজ করতে হবে।
সোমবার, ১ জানয়ারি (১৭ পৌষ) সকাল ১১টায় মহানগরীর পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিদ্যুৎজ্যোতি চক্রবর্তীর সভাপতিত্বে এবং শিক্ষক রমা রাণী চক্রবর্তী ও জাকির আহমেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি এসএমপির উপ পুলিশ কমিশনার (সদর প্রশাসন) তোফায়েল আহমদ, পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী ও অভিভাবক সদস্য আয়েশা পারভিন।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি