সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবস্থিত দিলখুশা চা বাগান আকস্মিক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাগান ছেড়ে গেছেন ব্যবস্থাপক । অন্যদিকে বন্ধ ঘোষণার খবর পেয়ে শ্রমিকরা শুক্রবার বিক্ষোভ করেছেন।
শ্রমিকরা জানান, দিলখুশা চা বাগান হামদর্দ টি কোম্পানি ইজারা নিয়ে পরিচালনা করছে। এখানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৬০০ নারী-পুরুষ শ্রমিক রয়েছেন। ১৩ এপ্রিল রাতে বিপুল বুনারজি নামের এক শ্রমিক সহকারী ব্যবস্থাপক শিপলু তালুকদারের বাংলোতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালান। এ সময় তাকে আটক করে জুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিটমাটের নিশ্চয়তা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়।
পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে বিপুল বুনারজি শ্রমিকদের জানান, চা বাগানের প্রধান করণিক বলাই বসাকের সঙ্গে সহকারী ব্যবস্থাপক শিপলু তালুকদারের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে বলাই বসাক তাকে ব্যবহার করেন।
গত ১৮ এপ্রিল চা শ্রমিকরা ব্যবস্থাপক সাঈদুজ্জামানের কার্যালয়ে গিয়ে উভয়পক্ষকে নিয়ে বসে দুই-এক দিনের মধ্যে বিষয়টি মীমাংসার জন্য অনুরোধ করলে তিনি বেশ সময় হাতে রেখে ২৬ এপ্রিল বৈঠক হবে বলে জানান। এতে শ্রমিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফিরে যান।
শুক্রবার চা বাগানে সাপ্তাহিক ছুটি; কিন্তু সকালের দিকে শ্রমিকরা বাগান বন্ধ ঘোষণার খবর পেয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে গিয়ে দেয়ালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে বাগান বন্ধের নোটিশ সাঁটানো দেখতে পান। আরও জানতে পারেন, ব্যবস্থাপক ও তার পরিবারের সদস্যরা গভীর রাতে বাগান ছেড়ে চলে গেছেন। বলাই বসাকও বাগানে নেই।
এ ঘটনায় কয়েকশ শ্রমিক ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর পেয়ে দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম দিলখুশা চা বাগানে যান। উদ্ভূত পরিস্থিতির সমাধানে বাগানের ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে তারা আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
দিলখুশা চা বাগান ব্যবস্থাপক মো সাঈদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দেয়। তাই, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে বাগান বন্ধ ঘোষণা করা হয়। সকল দপ্তরে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে বাগান খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে।