দিরাই-শাল্লা সড়ক নির্মাণের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত June 5, 2021
দিরাই-শাল্লা সড়ক নির্মাণের দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ‘দাবি মোদের একটাই, দিরাই-শাল্লা সড়ক চাই’-এ স্লোগান নিয়ে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলাবাসী মানববন্ধন করেছেন।
সিলেট মহানগরীতে বসবাসরত সচেতন দিরাই-শাল্লাবাসীর উদ্যোগে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, জ্যোর্তিময় তালুকদার, বিশ্বজিৎ তালুকদার, অ্যাডভোকেট সুব্রত দাস, রেদোয়ান মাহমুদ, অ্যাডভোকেট অমিতাভ চৌধুরী, সুমন কুমার দাস, অর্পন তালুকদার, প্রনতোষ দাস, মিঠু সরকার, খায়রুল বাশার, সুব্রত রায়, জুলহাস আহমদ, সৈয়দ আহমদ দুলাল, সুরঞ্জিত তালুকদার, রাজীব রায় রাজু, রাজীব দাস, বিপুল তালুকদার, শীতল রায়, সমর দাশ প্রমুখ।
দাবি আদায়ের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ভাটিবাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, সোচ্চার নাগরিক ফোরাম, খালিয়াজুড়ি ফোরাম, দিরাই ছাত্রকল্যাণ পরিষদ ও যাত্রী অধিকার পরিষদ অংশ নেয়।
বক্তারা বলেন, ৫০ বছরের স্বপ্ন দিরাই-শাল্লা সড়ক। প্রয়াত জাতীয় নেতা দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত থাকাবস্থায় ২০১১ সালে সড়কের কাজ শুরু করা হয়। এতে জনমনে আশার সঞ্চার জেগেছিল; কিন্তু ২০১৭ সালে কাজ বন্ধ হয়ে যায়। অন্যদিকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের সিংহভাগ অর্থ প্রায় ৯৯ কোটি তুলে নেয়।
তারা বলেন, ড. জয়াসেন গুপ্তা সাংসদ নির্বাচিত হয়ে সংসদে একাধিবার দিরাই-শাল্লা সড়ক প্রসঙ্গ উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা ফেরত আসছে।
মানববন্ধন থেকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অতিশীঘ্র দিরাই-শাল্লা সড়কের নতুন প্রকল্প অনুমোদন দিয়ে তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করা হয়।