দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু আহত ২০

প্রকাশিত October 4, 2024
দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু আহত ২০

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাঈনুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার, ৪ অক্টোবর (১৯ আশ্বিন) দুপুর ২টার দিকে এ সংঘর্ষ ঘটে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, দারাই মিয়া ও শফিউল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিরোধ চলছিল। মাসখানেক আগেও দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। মামলা-পাল্টা মামলাও চলছে।
পূর্ব বিরোধের জের ধরেই দুপক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মাঈনুল হক গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে তার স্বজনরা দাবি করেছেন।
তবে দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, মাঈনুল হক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কি না তা চিকিৎসক বলতে পারবেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।