দিনাজপুর প্রতিনিধি : রামপাল-রূপপুরসহ প্রাণ-প্রকৃতি বিনাশী প্রকল্প বাতিল করে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ফুলবাড়ী নিমতলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের জেলা আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জয়প্রকাশ গুপ্ত, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিকদার, জাতীয় গণফ্রন্টের সদস্য কমল চক্রবর্তী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার নেতা আমিনুল হক ও কুলি শ্রমিক ইউনিয়নের নেতা হামিদুল হক।
নেতৃবৃন্দ রামপাল-রূপপুর সহ প্রাণ-প্রকৃতি বিনাশী সকল প্রকল্প বাতিল, সার্বজনীন স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা, ফুলবাড়ী ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতীয় কমিটির মহাপরিকল্পনা বাস্তবায়ন ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।