দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে নারীসহ আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত July 26, 2020
দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে নারীসহ আরও ৪ জনের মৃত্যু

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে শনিবার করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীসহ তিন জন মারা গেছেন।
এদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। এনিয়ে জেলায় ১৩৯২ জনের করোনা শনাক্ত হলো।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানান, সকাল ৮টায় হাসপাতালে নেওয়ার পথে এম্বুলেন্সেই মারা যান কারোনা আক্রান্ত পরিবহণ শ্রমিক ও আওয়ামী লীগ নেতা শামসুল আলম (৪৮)। তিনি দিনাজপুর শহরের সুইহারী খালপাড়ার বাসিন্দা।
অন্যদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করেনা উপসর্গ নিয়ে যে তিন জনের মৃত্যু হয়েছে তারা হলেন, দিনাজপুর শহরের বড় গুড়গোলা এলাকার মন্টু সূত্রধর (৫০), পার্বতীপুর উপজেলার চকবাজার এলাকার সুমাইয়া (১৮) ও ফুলবাড়ী উপজেলার আমবাড়ী এলাকার বজলু সরকার (৭০)। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১০৪ জনের নমূনা পরীক্ষা করে নতুন করে আরো ২৮ জনের করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, দিনাজপুর সদর উপজেলায় ১১ জন, নবাবগঞ্জ উপজেলায় ৯ জন, বিরামপুর উপজেলায় ৬ জন, ফুলবাড়ী উপজেলায় ১ জন ও বীরগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩১ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো ২৮ জন মারা গেছেন।
তবে ২২ জনসহ করোনা আক্রান্তদের মধ্যে ৮৩০ জন সুস্থ হয়েছেন।