তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হলো। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বুধবার একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও পৌরসভার স্টাফ সহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৯১। অন্যদিকে গতকালের ২৫ জনসহ এ পর্যন্ত ৯৮০ জন সুস্থ হয়েছেন।
করোনার মৃত ব্যক্তির নাম মো নাজিম উদ্দিন (৭০)। তিনি জেলার বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে ২৬ জুলাই নিজের বাড়িতে তিনি মারা যান। নমুনা পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে বলে সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে বুধবার ১৮৩টি নমুনা পরীক্ষা করা হলে ৫৮টি রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে রয়েছেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর পৌরসভার স্টাফ মুরাদ হোসেন ও মোহাম্মদ শামিম, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আতাউর রহমান, দিনাজপুর পুলিশ লাইনসের ৩ পুলিশ খাদেমুল ইসলাম, ইছামিন আক্তার ও মো আলামিন। এছাড়াও উপজেলা অনুযায়ী দিনাজপুর সদরে ৩৬ জন, বিরামপুরে ১২ জন, ফুলবাড়ীতে ৫ জন, বীরগঞ্জে ২ জন, চিরিবন্দরে ২ জন, পার্বতীপুরে ১ জন, বিরলে ১ জন ও কাহারোলে ১ জন আক্রান্ত হয়েছেন।