নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার অতিরবাড়ি মোড়ে একটি বাস উল্টে এক কিশোরী সহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শেরপুর থেকে সিলেটমুখী যাত্রী বোঝাই বাসটি অতিরবাড়ি মোড়ে পৌঁছামাত্র সামনের একটি চাকা খুলে যায়। এতে বাসটি উল্টে পড়লে কয়েকজন যাত্রী চাপা পড়েন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, তারা দু’টি মরদেহ উদ্ধার করেন। এর মধ্যে একটি সিলেটের ওসমানীনগর উপজেলার চান্দিপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে ঊর্মি বেগমের (১৩)। অপর মরদেহটি এক পুরুষের। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আহতদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।