সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে সংঘটিত অগ্নিকাণ্ডে বসতঘর, ধানেরগোলা, গোয়ালঘর ও স্বর্ণালংকার পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাইলা পূর্বহাটির মুক্তিযোদ্ধা মরম আলীর ছেলে বকুল মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই পুরো হাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে পছন্দর আলী, সাজিদুর রহমান, আলফাজ মিয়া, ওয়াকিক মিয়া, আব্দুর রহমান, আব্দুল মতিন, আব্দুল হাসিম, গুলজার মিয়া ও রাসেল মিয়ার ঘরসহ ১০টি ঘর, ১ হাজার ৮শ মণ ধান ও সোনা গহনা পুড়ে যায়। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দেড়কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। খবর পেয়ে দিরাই উপজেলা সদর থেকে ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাইলা গ্রামের ক্ষতিগ্রস্ত বকুল মিয়া জানান, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে তার ঘরে প্রথমে আগুন লাগে।
তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান।
দিরাই ফায়ার সার্ভিসের লিডার মো সাইফুল ইসলাম জানান, কালনি নদী পারাপারে কিছুটা বিলম্ব হলেও তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।