নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে রপ্তানি খাতে বাংলাদেশ সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে গিয়েও বাংলাদেশের পণ্য দেখতে পাওয়া যায়; কিন্তু ভিয়েতনামে বাংলাদেশী পণ্য রপ্তানির পরিমাণ খুবই কম।
তিনি আরও বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে অত্যন্ত আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের প্রচেষ্টায় আমদানি-রপ্তানি বাণিজ্য বেড়েছে। তবে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে এ বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করতে হবে। ভিয়েতনাম বাংলাদেশ থেকে টোব্যাকো আমদানি করে থাকে। ভিয়েতনামে বাংলাদেশী পণ্য প্রবেশে কোন বাঁধা নেই। এই সুযোগ বাংলাদেশী রপ্তানিকারকরা কাজে লাগাতে পারেন।
বৃহস্পতিবার দুপুর দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বক্তব্য রাখছিলেন।
এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব। বিশেষ করে দেশে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ যাচ্ছে।
সভায় ভিয়েতনাম-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র সমূহ নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সল। এছাড়াও এ বিষয়ে তথ্যমূলক বক্তব্য রাখেন এসোসিয়েশন অব দ্যা ভিয়েতনামিজ বিজনেস ইন বাংলাদেশের কো-অর্ডিনেটর ডো ভ্যান ট্রং, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বশির আহমদ, সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, তরুণ উদ্যোক্তা মাহদি সালেহীন ও মাসনুন আকীব বড়ভূঁইয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাচ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জি আর চৌধুরী, ভিয়েতনাম দূতাবাসের এ্যাটাচি নুয়েন ভিয়েত আন, সিলেট চেম্বারের পরিচালক মো হিজকিল গুলজার, পরিচালক মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, কাজী মো মোস্তাফিজুর রহমান, ইউকেবিইটের নির্বাহী পরিচালক এম এ সায়েম, খাদিম সিরামিক লিমিটেডের এজিএম মো সাহিদুর রহমান, সিলেট চেম্বারের সদস্য সানজিদা খানম, শায়েস্তা তালুকদার, আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি