তাহিরপুরে যাদুকাটার কয়লাই এখন শ্রমজীবী মানুষের জীবিকার উৎস

প্রকাশিত September 22, 2020
তাহিরপুরে যাদুকাটার কয়লাই এখন শ্রমজীবী মানুষের জীবিকার উৎস

আবির হাসান, তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩টি শুল্ক স্টেশন দিয়ে দীর্ঘদিন ধরে কয়লা ও চুনাপাথর আমদানি-রপ্তানি বন্ধ। পরিবেশ রক্ষায় সরকারি নির্দেশে বন্ধ রয়েছে যাদুকাটা নদী থেকে বালি উত্তোলন। এ অবস্থায় শ্রমিকরা উপার্জনের মূল উৎস হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে দিনযাপন করছেন।
তবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে সীমান্তের ওপার থেকে যাদুকাটা দিয়ে ভেসে আসা কয়লা। নদী থেকে এই কয়লা খুঁজে খুঁজে সংগ্রহ করে শ্রমিকরা দিনশেষে বিক্রি করে যা পাচ্ছেন তাই দিয়ে কোনমতে ক্ষুধা নিবারণ করছেন।
তবে হাওর অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর না করে বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। বলছেন, এ অঞ্চলে কাঁচবালি শিল্প, মিনারেল ওয়াটার প্ল্যান্ট ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে।
গড়কাটি গ্রামের সাবিবুর মিয়া জানান, এখন বালির সঙ্গে মিশে থাকা কয়লায়ই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। করোনার সময়ে সরকারি সাহায্য-সহযোগিতাও তারা ঠিকমতো পাননি। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে তাদেরকে না খেয়ে মরতে হবে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, পরিবেশ সম্মত উপায়ে শ্রমিকদের কাজের সুযোগ করে দেওয়া জরুরি। এই সমস্যার স্থায়ী সমাধানে শ্রমজীবীদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে।
যাদুকাটা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নিজাম উদ্দিন আশংকা করছেন, কাজের সন্ধানে নানান দিকে ছুটাছুটি করছে নিম্নআয়ের লোকজন। এ অবস্থা চলতে থাকলে এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যেতে পারে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, হাওর অঞ্চলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। যাদুকাটা নদী থেকে হাত বা ঠেলা জাল দিয়ে কয়লা ও লাকড়ি সংগ্রহে কোন বাধা নেই; কিন্তু নদীর তীর কেটে, পরিবেশ বিপর্যয় ঘটিয়ে ও ইঞ্জিন চালিত মেশিন চালিয়ে কোন কাজ করা যাবে না।