তাহিরপুরে গ্রেফতার বুয়েটের বর্তমান ও সাবেক ৩২ শিক্ষার্থীর জামিন আবেদন মঞ্জুর

প্রকাশিত August 2, 2023
তাহিরপুরে গ্রেফতার বুয়েটের বর্তমান ও সাবেক ৩২ শিক্ষার্থীর জামিন আবেদন মঞ্জুর

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের বর্তমান ও সাবেক ৩২ শিক্ষার্থীর জামিন আবেদন মঞ্জুর হয়েছে।
বুধবার দুপুর ১২টায় গ্রেফতারকৃতদের অনুপস্থিতিতে আদালতে তাদের জামিন আবেদন ও পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হয়। বিচারক মো ফারহান সাদিক আসামিপক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের পুলিশের বক্তব্য দীর্ঘ সময় নিয়ে শুনে জামিন আবেদন মঞ্জুর করেন।
এ সময় বিচারক আদালতে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে জানতে চান। দীর্ঘ ৪০ মিনিট উভয় পক্ষের বক্তব্য শুনে তিনি ৩৪ আসামির মধ্যে ৩২ জনকে ৫ হাজার টাকা করে মুচলেকার মাধ্যমে জামিন প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বুয়েটের এই শিক্ষার্থীরা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে তাহিরপুর উপজেলার টেকেরঘাট যাওয়ার পথে ডাম্পের বাজার এলাকায় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। তারা রাষ্ট্র ও সরকার বিরোধী তৎপরতায় জড়িত বলে পুলিশ দাবি করে।
আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জনপ্রতি ৫ হাজার টাকা মুচলেকায় ৩২ জনের জামিন আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।