তাহিরপুর প্রতিনিধি : হাওর বা ভাটি এলাকায় কোনাজাল দিয়ে মাছ ধরা হয়। এটাই স্বাভাবিক চিত্র। তাই কোনাজালে কয়লা উঠে আসার কথায় যে কেউ অবাক হতে পারেন; কিন্তু আসলেই এমনটি হচ্ছে।
পরিবেশ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশে জাদুকাটা নদীতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বালু-পাথর উত্তোলন। এতে কর্মহীন হয়ে পড়ে হাজার খানেক পরিবার। বিশেষ করে করোনাকালে এসব পরিবার চরম বিপর্যয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে জাদুকাটা নদী দিয়ে সীমান্তের ওপার থেকে ভেসে আসা কয়লা এই বিপর্যস্ত পরিবারগুলোর রুজি-রোজগারের উপায় হয়ে উঠেছে।
কোনাজাল ও বেলচা দিয়ে কয়লা কুড়িয়ে আয়ের উৎস খুঁজে নিয়েছে খেটেখাওয়া মানুষরা। আয় খুব বেশি নয়। তবু স্বস্তিবোধ করছে। কারণে না খেয়ে থাকতে হচ্ছেনা। চুলোয় আগুন জ্বলছে।
বারেক টিলা থেকে শুরু করে ঢালারপাড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জায়গা জুড়ে প্রতিদিন নতুন এই কর্মযজ্ঞ চোখে পড়ে।