তারেক রহমানের নেতৃত্বে ‘ভয়াবহ দানবীয়’ সরকারের কবল মুক্ত হবে দেশ : মির্জা ফখরুল

প্রকাশিত March 10, 2023
তারেক রহমানের নেতৃত্বে ‘ভয়াবহ দানবীয়’ সরকারের কবল মুক্ত হবে দেশ : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে মানুষ জেগে উঠছে। ‘ভয়াবহ দানবীয়’ সরকারের কবল থেকে মুক্ত হবে বাংলাদেশ। সেইদিন আর বেশি দূরে নয়।
শুক্রবার সকালে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত আগস্ট মাস থেকে বিএনপির আন্দোলন শুরু হয়েছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ জন নেতা-কর্মী। আহত হয়েছেন শতশত। গ্রেফতার হয়েছেন হাজার হাজার। এরপরও দুর্বার গতিতে মানুষ জেগে উঠছে।
তিনি বলেন, সরকার সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। গুম করেছে-নিখোঁজ করেছে এম ইলিয়াস আলী সহ অনেক নেতা-কর্মীকে। সমাজটাকেও বিভক্ত করে ফেলেছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধানকে বারবার কাটাছেঁড়া করে অকার্যকর করে ফেলেছে। দেশ পরিচালনা করছে শক্তি দিয়ে-রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। আইনের শাসন বলতে কিছু নেই। বিচার ব্যবস্থা করায়ত্ব। অর্থনীতিও এমনভাবে ধ্বংস করা হয়েছে যে, টেনে তোলা কঠিন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সরকারের ব্যর্থতার কারণে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে।
তিনি বলেন, বিএনপি সরকার যেখানে ১০ হাজার কোটি টাকায় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল সেখানে আওয়ামী লীগ সরকার ৩০ হাজার কোটি টাকা ব্যয় করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের একটিও ভাল কাজ নেই। উন্নয়ন হয়েছে গুটিকয়েক মানুষের মাত্র। প্রতিটি মেগা প্রকল্পে দুর্নীতি হচ্ছে।
অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম এ জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, ড এনামুল হক চৌধুরী ও তাহসিনার রুশদীর লুনা। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।