ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় সিলেট সদর উপজেলা তথ্যকেন্দ্রের উদ্যোগে বছরের শেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার টুকেরবাজার ইউনিয়নের আলীবাহার চা বাগানে বুধবার সকালে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। এছাড়াও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ লায়েস মিয়া তালুকদার, তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, তথ্যসেবা সহকারী রহিমা বেগম এনি ও প্রিয়াংকা সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ’তথ্য আপা’ প্রকল্প নারীর ক্ষমতায়নের একটি উদ্যোগ। এই প্রকল্পটি গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উঠান বৈঠক ও ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবাগুলো পৌঁছে দিচ্ছে। এতে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উপকার ভোগের পাশাপাশি গ্রামের সুবিধাবঞ্চিত মহিলারা আলোর পথ খুঁজে পাচ্ছেন।
তিনি আরও বলেন. তথ্য আপার উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কিশোরীদের বাল্যবিয়ে ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ন্ত্রণে নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
ইউএনও প্রতিটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করার নির্দেশনা দেন।
উঠান বৈঠকে শেষে অংশগ্রহণকারী কিশোরী ও মহিলাদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি