নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো সামসুল আরেফিন বলেছেন, স্মার্ট অর্থাৎ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের চারটি স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার (শাসনব্যবস্থা)। আর তা গড়ে তুলতে দক্ষ ও মানবিক গণাবলী সম্পন্ন নাগরিক অপরিহার্য। এক্ষেত্রে তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ন্যায়সঙ্গতভাবে প্রতিপালনে জবাবদিহিতা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা অপরিহার্য। যুবশক্তিকে কাজে লাগিয়ে সরকার ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করছে।
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর (১১ পৌষ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও সিলেট জেলা প্রশাসন আয়োজিত ‘তথ্য অধিকার আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে অংশীজন সমন্বয়ে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ডাটা সংরক্ষণের জন্যে দেশে দু’টি ডাটা সেন্টার গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থা কাজ করছে। তবে সবখানেই নাগরিক সেবার মান বাড়াতে হবে।
সেবা প্রত্যাশীদের তথ্যের অধিকার নিশ্চিত করতে হবে বলেও তিনি নির্দেশনা দেন।
তিনি পেপার লেস গভর্ননেন্স, ক্যাশ লেস ইকোনোমি ও ডিজিটাল সিগনেচারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।