সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো নিজামুল হক নাসিম বলেছেন, সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীরা হচ্ছেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। সংবাদকর্মীরা প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর নীতিমালা অনুসরণ করে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করলে দেশ ও জাতি উপকৃত হবে।
তিনি আরও বলেছেন, প্রবীণ ও নবীন সাংবাদিক যারাই এ পেশায় আছেন কিংবা আসতে চান তাদেরকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পাশাপাশি অভিজ্ঞতা অর্জনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করতে হবে।
সোমবার, ১৫ মে সুনামগঞ্জে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিচারপতি মো নিজামুল হক নাসিম ডিজিটাল নিরাপত্তা আইন একেবারেই বিলুপ্ত না করে আইনের যে ধারাগুলো সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ক্ষেত্রে সাংঘর্ষিক সেগুলো সংশোধনের আহবান জানিয়ে বলেন, যারা হলুদ সাংবাদিকতার মনোভাব নিয়ে ফেসবুকে মিথ্যা প্রচারণা চালায় এবং কারও বিরুদ্ধে তথ্য ছাড়া মন্তব্য করে তাদের ক্ষেত্রেই ডিজিটাল আইনে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।
তিনি সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো মাসুদ খান, পুলিশ সুপার মো এহসান শাহ ও জেলা তথ্য অফিসার মো আব্দুস সাত্তার।