চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রীচাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যাত্রীগণের সুবিধার্থে আগামী ৯ জানুয়ারি রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
এ দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৪১৪৭ সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে গিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে সকাল ১১টায়। সেখান থেকে দুবাইর উদ্দেশ্যে আকাশে উড়বে দুপুর ১২টায়। দুবাই পৌঁছবে ৩টা ৩০মিনিটে। দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করতে যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে
এ ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫,৩২৯ টাকা ও বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬,৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ফ্লাইটটির টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকায় প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নম্বর ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
এছাড়াও ১১ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি