ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকারী ও পেশাদার কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও আইসিসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি মIওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার ঢাকার রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন (আইইবি) মিলনায়তনে ‘বাংলাদেশ-ইন্ডিয়া অ্যালামনাই রি-ইউনিয়ন ২০২১’ শীর্ষক এই প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন অনুষ্ঠিত হয়।
এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর), আয়ুর্বেদিক যোগ ইউনানি সিদ্ধ হোমিওপ্যাথি (আয়ুষ) ও ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) বৃত্তি প্রকল্পসমূহের পাশাপাশি ভারতে অধ্যয়ন (এসআইআই) ও স্ব-অধ্যয়ন প্রকল্প (এসএফএস)। এসব প্রকল্পের অনেক প্রাক্তন শিক্ষার্থীই এখন বাংলাদেশে সরকার, প্রশাসন, শিক্ষা, বেসরকারি খাত এবং শিল্প ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন৷
সমাজের বিভিন্নস্তরের প্রায় ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। প্রাক্তন শিক্ষার্থীরা কিভাবে এই কোর্সগুলো তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করেছে সেসব ভাবনার কথা বলে ভারতের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। তারা বর্তমান সময়ের চাহিদা পূরণে বৃত্তি কর্মসূচিগুলো কিভাবে সুন্দরভাবে সাজানো যেতে পারে সে সম্পর্কে মূল্যবান পরামর্শও দিয়েছেন।
ভারত সরকারের বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা নতুন বৈশিষ্ট্যগুলোকেও এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সুবর্ণ জয়ন্তি বৃত্তি কর্মসূচি, যা বৃত্তির পরিধিকে আরও বিস্তৃত করে তোলে। এই বছর বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী ঘোষিত নতুন স্কিমটি ভারতের সেরা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্স করার জন্য মেধাবীদের ব্যাপক সুযোগ প্রদান করবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।-সংবাদ বিজ্ঞপ্তি